নোয়াখালীতে নদী থেকে ২টি শকুন উদ্ধার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে ২টি শকুন উদ্ধার করেছে জেলেরা। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শকুন দুটিকে উপজেলার হরনী ইউনিয়নের হাবিবিয়া রেঞ্জের তত্ত্বাবধানে নেওয়ার কথা রয়েছে।

 

নোয়াখালীতে নদী থেকে ২টি শকুন উদ্ধার

 

এর আগে জেলেরা হাতিয়ার ঠেঙ্গারচর সীমানায় মাছ ধরে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে আসার পথে শকুন দুটিকে নদীতে মরণাপন্ন অবস্থায় ভাসতে দেখে বোটে তুলে নেয়। চেয়ারম্যান ঘাটের বিপ্লব এবং ইরাক জানান, সকালে হাতিয়ার জেলেরা মাছ নিয়ে ঘাটে আসার সময় শকুন দুটিকে নদী থেকে উদ্ধার করে আনেন। পরে রোদে শুকিয়ে এবং খাবার দিয়ে শকুন দুটিকে মোটামুটি স্বাভাবিক করা হয়।

জানা গেছে, শকুন দুটি বর্তমানে চেয়ারম্যান ঘাটের কামাল নামের এক ব্যক্তির হেফাজতে রয়েছে। পরে কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলেরা কষ্ট করে শকুন দুটিকে উদ্ধার করে আনায় তাদেরকে চা-পানির পয়সা দিয়ে ধন্যবাদ দিয়েছি এবং শকুন দুটিকে আমার হেফাজতে রেখেছি। বন বিভাগের কেউ এলে তাদেরকে দিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

 

পরে হরনী ইউনিয়ন হাবিবিয়া বন বিভাগের রেঞ্জার জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি বিট কর্মকর্তাকে চেয়ারম্যান ঘাটে পাঠান। বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শকুন দুটি দুর্বল হয়ে গেছে। আমরা এখন এগুলোকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব এবং ডিভিশনে মেসেজ পাঠাব।

Leave a Comment