নোয়াখালীর হাতিয়া উপজেলায় বসত ঘরে আগুনে পুড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু
নিহতরা হলেন, নিহত নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। আগুনে তাদের চারটি গরুও মারা গেছে। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে যায়। গভীর রাতে হঠাৎ তাদের রান্না ঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন ঘরের পাশে থাকা গোয়াল ঘরেও ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা ৪টি গরু আগুনে পুড়ে মারা যায়। এ সময় ঘুমে থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলন বালাকে রাজধানীর বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে রাতে তারও মৃত্যু হয়।
হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর রাতে তার স্ত্রী মিলন বালারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত দম্পতি রান্না ঘরের পাশে একটি কক্ষে থাকত। স্থানীয়দের ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে তারা এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।